শিরোনাম

ময়মনসিংহ, ১২ এপ্রিল, ২০২৬ (বাসস) : হামের প্রাদুর্ভাব প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় শিশুদের জন্য হামের টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার।
আজ রোববার সকালে নগর ভবন প্রাঙ্গণে সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার এ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা.এইচ.কে. দেবনাথ বাসসকে বলেন, নগরীর ৭০টি কেন্দ্রে মোট ৫৮ হাজার ৬৬৮ জন শিশুকে হামের টিকা প্রদান করা হবে। এছাড়াও সিটি কর্পোরেশন এলাকার বাইরে ময়মনসিংহ সদর, ত্রিশাল ও ফুলপুর উপজেলায় আরও ১ লাখ ৬৫ হাজার ৭৫০ জন শিশুকে হামের টিকা দেওয়া হচ্ছে।
টিকা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন শিশুদের অভিভাবকেরা। এ সময় সিটি প্রশাসক সবাইকে শিশুদের টিকা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘হাম প্রতিরোধে সচেতনতা ও টিকার কোনো বিকল্প নেই।’
চিকিৎসকরা জানান, টিকাদানের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। হাম আক্রান্ত রোগীকে বাসায় না রেখে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।