বাসস
  ১২ এপ্রিল ২০২৬, ১২:০১

রাজশাহীতে ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু

জেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ফুয়েল ম্যানেজমেন্ট মোবাইল অ্যাপ। ছবি: বাসস

রাজশাহী, ১২ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজশাহীতে ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

আজ (রোববার) রাজশাহী মহানগরীর গুল গোফুর পেট্রোলিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই অ্যাপের শুভ উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বিভাগীয় শহর রাজশাহী। মহানগরীর জ্বালানি তেল সরবরাহ ও ব্যবস্থাপনা পদ্ধতিতে আমূল পরিবর্তন আনতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ফুয়েল ম্যানেজমেন্ট মোবাইল অ্যাপ।

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, ‘জ্বালানি খাতের আধুনিকায়ন এবং গ্রাহকসেবা নিশ্চিত করতে এই অ্যাপটি একটি মাইলফলক হয়ে থাকবে। এর মাধ্যমে জ্বালানি তেলের সরবরাহ করার নিয়ম স্বচ্ছ এবং ডিজিটাল তদারকির ফলে অনিয়ম রোধ করা সম্ভব হবে।’

তিনি আরও জানান, এখন থেকে রাজশাহী জেলায় জ্বালানি তেল সরবরাহ ও সংগ্রহের যাবতীয় কার্যক্রম এই অ্যাপের মাধ্যমেই পরিচালিত হবে।

ফুয়েল ম্যানেজমেন্ট অ্আযাপ ব্যবহারের মাধ্যমে তেলের মজুত, চাহিদা এবং সরবরাহের সঠিক সময়ের তথ্য পাওয়া যাবে, যা সামগ্রিক জ্বালানি ব্যবস্থাপনাকে আরও গতিশীল করবে। 

অনুষ্ঠানে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. সবুর আলী, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও জ্বালানি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।