শিরোনাম

নোয়াখালী, ১১ এপ্রিল ২০২৬ (বাসস):জেলা শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম আজ সকালে পৌর পার্কে এ কর্মসূচি উদ্বোধন করেন।
নোয়াখালীর জনগণের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা, পরিচ্ছন্ন নগরী সৃজন ও ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সপ্তাহের প্রতি শনিবার এই বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা জুড়ে এ অভিযান অব্যাহত থাকবে।
নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী এখন থেকে প্রতি শনিবার জেলা শহরসহ সবগুলো উপজেলা এবং ইউনিয়ন পর্যায়েও স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা অভিযান চলবে। পাশাপাশি বিভিন্ন বাজার এবং শপিং কমপ্লেক্সগুলো পরিচ্ছন্ন রাখার ব্যাপারে পরিচালনা পরিষদের সাথে আলোচনা করে উদ্যোগ নেয়া হবে।
তিনি বলেন, আমাদের পারিপার্শ্বিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের প্রাদুর্ভাব কমে আসবে। মানুষের স্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নত হবে। তিনি জেলাবাসীকে নিজ নিজ বাসা, বাড়ি ও দোকানপাটের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
নোয়াখালী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক ফেরদৌসী বেগম বলেন, নোয়াখালী পৌরসভার পক্ষ থেকে নোয়াখালী পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিদিন কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌর এলাকা পরিচ্ছন্ন রাখতে কাজ করছেন।
পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার দাশসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।