বাসস
  ১০ এপ্রিল ২০২৬, ২২:২৪

ফেনীর দাগনভূঞাতে জ্বালানি সরবরাহ বন্ধ রাখায় ফিলিং স্টেশনকে জরিমানা

ফেনী, ১০ এপ্রিল, ২০২৬ (বাসস) : ফেনীর দাগনভূঞা উপজেলায় জ্বালানি সরবরাহ বন্ধ রাখায় এক মোবাইল কোর্ট অভিযানে একটি ফিলিং স্টেশনের বিরুদ্ধে মামলা দায়ের এবং এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল উপজেলার সততা ফিলিং স্টেশনে এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। 

ফেনীর জেলা প্রশাসক মনিরা হক এ তথ্য জানিয়েছেন।

অভিযানে জানা যায়, ওই ফিলিং স্টেশন কর্তৃপক্ষ সন্ধ্যা ৭টা থেকে সারারাত জ্বালানি সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে। ফলে সাধারণ জনগণের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে রাত ৯টার দিকে দাগনভূঞা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে ফিলিং স্টেশনে পুনরায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা হয়।

ফিলিং স্টেশনের মালিক প্রাথমিকভাবে দাবি করেন, ডিসপেন্সিং মেশিনটি নষ্ট ছিল। তবে সরেজমিনে পরিদর্শনে মেশিনটি সচল অবস্থায় পাওয়া যায়। এ ধরনের বিভ্রান্তিকর ও অসৎ আচরণের প্রেক্ষিতে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ফিলিং স্টেশনের মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে তা আদায় করা হয়।

এ অভিযানে মোট একটি মামলা দায়ের এবং একজন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়।