শিরোনাম

খুলনা, ৯ এপ্রিল ২০২৬ (বাসস) : ফেডারেল রিপাবলিক অব জার্মান পার্লামেন্টের পরিবেশ বিষয়ক কমিটির একটি প্রতিনিধি দল আজ খুলনা সফর করছে। সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলের সদস্যবৃন্দ দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক মতিবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময় সভায় কেসিসি প্রশাসক আগত অতিথিদের নগরবাসীর পক্ষ থেকে স্বাগত জানান এবং এই সফরকে সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ উল্লেখ করে বলেন, খুলনা দেশের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এ সকল চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সমাধান।
খুলনায় জার্মান সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ২০১০ সাল থেকে জার্মান সরকারের বিভিন্ন সংস্থার সাথে খুলনা সিটি কর্পোরেশন কাজ করছে এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
আগামীতেও এ সহযোগিতা অব্যাহত রাখার জন্য তিনি প্রতিনিধিদের প্রতি আহবান জানান।
সভায় কেসিসি’র পক্ষ থেকে আগামীতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়ন, প্রকৃতি নির্ভর সমাধান, উন্নত ড্রেনেজ ও পানি ব্যবস্থাপনা, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা, অন্তর্ভুক্তিমূলক নগর পরিকল্পনা ইত্যাদি বিষয়ে জার্মান সরকারের সহযোগিতা কামনা করা হয়।
এ সময় জার্মান পার্লামেন্টের সদস্য ও পরিবেশ বিষয়ক কমিটির ডেপুটি চেয়ারম্যান এবং টীম লিডার মাইকেল থিউস, পার্লামেন্ট সদস্য সাচছা ভান বিক, ম্যানুয়েল ক্রাউথাউসেন, ড. ফ্রানজিসকা কার্সটেন, জুলিয়া ছানেইদার, ভাইওলেট্টা বুক, পলিসি অফিসার ইলেফদেরিওস আসলানিডিস, বাংলাদেশস্থ জার্মান এ্যাম্বাসেডর ড. রিদিগার লটজ, ডেপুটি হেড অব ডেভেলপমেন্ট কোঅপারেশন জেনিস হুসাইন, এডভাইজার শেখ মাহমুদুল আহসান, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, সঞ্চালনা করেন খুলনা বিশ^বিদ্যালয়ের আরবান এন্ড রুরাল প্লানিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফেডারেল জার্মান সংসদের পরিবেশ কমিটির প্রতিনিধিদলটি ৭ এপ্রিল থেকে বাংলাদেশ সফর করছেন। শহরাঞ্চলে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জগুলো সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা লাভ করাই তাদের এ সফরের মূল উদ্দেশ্য।