বাসস
  ০৯ এপ্রিল ২০২৬, ১৮:৪৫

নারীর প্রতিভা বিকাশে ‘অনন্যা ঝালকাঠি’ প্রতিযোগিতার উদ্বোধন

ছবি: বাসস

ঝালকাঠি, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় নারীর ‘মনন, মেধা ও প্রতিভা বিকাশে আত্মবিশ্বাস বাড়াতে ‘অনন্যা ঝালকাঠি’ প্রতিযোগিতা আজ শুরু হয়েছে। 

ঝালকাঠি পৌরসভা আয়োজিত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন এ কার্যক্রমের উদ্বোধন করেন। ‎

আয়োজকরা বাসস’কে জানান, ব্যতিক্রমী এ প্রতিযোগিতা ঝালকাঠিতে এবারই প্রথম। অডিশন রাউন্ডে ৪০ জন প্রতিযোগী নিবন্ধন করেছেন। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে। ৯ ও ১০ এপ্রিল অডিশন কার্যক্রম চলবে। এরপর ১২ এপ্রিল মূল্যায়ন, ১৩ এপ্রিল ফাইনাল রাউন্ড এবং ১৪ এপ্রিল পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

অডিশন পর্বে জেলার বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণকারী তরুণীরা নিজেদের মেধা, প্রতিভা ও আত্মবিশ্বাস তুলে ধরছেন। 

আয়োজকরা বলছেন, নারীদের সৃজনশীলতা ও ব্যক্তিত্ব বিকাশের একটি প্ল্যাটফর্ম তৈরি করাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।

পৌর প্রশাসক মো. কাওছার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মো. শাহাদাৎ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি মো. আককাস সিকদার প্রমুখ।
‎‎
এ প্রতিযোগিতায় বিচারক প্যানেলে রয়েছেন তিনজন সহকারী কমিশনার, একজন সাংস্কৃতিক কর্মী ও একজন অভিজ্ঞ বিতার্কিক। প্রতিযোগিতার বিভিন্ন ধাপে বিচারক প্যানেল পর্যায়ক্রমে পরিবর্তিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, ‘শিক্ষা, সংস্কৃতি, প্রশাসন ও উদ্যোক্তাসহ সবখানেই নারীরা নিজেদের অবস্থান শক্তভাবে তৈরি করছে। এ ধরনের প্রতিযোগিতা তরুণীদের সেই সক্ষমতাকে আরও শানিত করার সুযোগ তৈরি করে।’

তিনি বলেন, ‘এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং একটি শেখার প্রক্রিয়া। এখানে অংশগ্রহণকারীরা নিজেদের ভেতরের সম্ভাবনাকে আবিষ্কার করতে পারবে। আত্মবিশ্বাস অর্জন করবে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারবে। প্রতিটি অংশগ্রহণকারীই এখানে একজন সম্ভাবনাময় প্রতিনিধি হিসেবে উঠে আসবে।’