শিরোনাম

টাঙ্গাইল, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে টাঙ্গাইলের কালিহাতিতে ভিয়াইল খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম ভিয়াইল খালের ভিয়াইল হতে তালতলা পর্যন্ত এক কিলোমিটার খনন কাজের উদ্বোধন করেন।
এ অনুষ্ঠানে বক্তব্য দেন, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, ডা. শাহ আলম তালুকদার, জেলা জিয়া পরিষদের সভাপতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এ কে এম আব্দুল আওয়াল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, পারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান তালুকদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হতো এবং কৃষি কাজে ব্যাঘাত হতো। খনন কাজ সম্পন্ন হলে পানি দ্রুত নিষ্কাশন হবে এবং কৃষি উৎপাদন বাড়বে বলে তারা আশা করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বাসসকে বলেন, সারাদেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে কালিহাতিতে ভিয়াইল খালের খনন কাজ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ভিয়াইল হতে তালতলা পর্যন্ত ১ কিলোমিটার এবং পরবর্তীতে তালতলা হতে গোলড়া হয়ে বংশাই নদীতে মিলিত হবে। পর্যায়ক্রমে উপজেলার অন্য খালগুলোও পুনরুদ্ধার, সংস্কার ও খনন করা হবে।