শিরোনাম

ঠাকুরগাঁও, ৯ এপ্রিল ২০২৬ (বাসস): জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ। ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির ইতিহাসে এই প্রথম ৩টি পৃথক প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা। এর আগে দীর্ঘদিন এই জেলায় ২টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।
আজ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২৬৩ জন সদস্য, এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে ৩০ জন প্রার্থীর মধ্যে থেকে ১২ জনকে নিজেদের নেতৃত্ব হিসেবে নির্বাচিত করবেন।
এই নির্বাচনের উল্লেখযোগ্য দিক হলো, এতকাল আইনজীবী সংগঠনগুলো সরাসরি ২টি প্যানেল আওয়ামী লীগ ও বিএনপিপন্থি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করতেন। অনেককাল আগে থেকে আওয়ামীপন্থি প্যানেলে বামরা এবং বিএনপিপন্থি প্যানেলে জামাত যুক্ত হয়ে নির্বাচন করে এসেছে। এবারই প্রথম পৃথক প্যানেল দিয়ে নির্বাচন করছে জামাতপন্থী আইনজীবীরা। আর সে কারণেই এবার প্যানেল হয়েছে ৩টি। এর মধ্যে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলই কেবল সবগুলো পদে পরিপূর্ণভাবে প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের প্যানেলে সভাপতি পদে প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক পদে তরুণ আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজনীতিতে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার প্রেক্ষিতে আওয়ামী পন্থী আইনজীবীরা স্বতন্ত্র একটি প্যানেল হিসেবে নির্বাচন করছেন। এই প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ ফরিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। যারা দুজনই এই সমিতির প্রাক্তণ সাধারণ সম্পাদক।
তারা জানান, তারা কোনো প্যানেল দেননি, স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামাতপন্থী 'বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল’ থেকে সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল গাফফার এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট ইউনুস আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ১২ টি পদের বিপরীতে তারা প্রার্থী দিয়েছেন, ১০টি পদে। স্বতন্ত্রভাবে যারা নির্বাচন করছেন তাদের আট জনকেই আওয়ামী পন্থী বলে মনে করছেন আইনজীবীরা। তবে এই অঘোষিত প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দাবি, তারা কোনো প্যানেল দেননি।
সব পক্ষই জয়লাভের ব্যাপারে আশাবাদী। তবে ক্ষমতাসীনরা রয়েছেন সুবিধাজনক অবস্থানে। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সারওয়ার হোসেন বলেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বরাবরের মতোই ঠাকুরগাঁও আইনজীবী সমিতির নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করি।