শিরোনাম

বাগেরহাট, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাগেরহাটের মোল্লাহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল মঙ্গলবার দিবসটি উদযাপন করা হয়।
এ উপলক্ষে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. রায়হান, মেডিকেল অফিসার ডা. অপূর্ব পোদ্দার, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিসংখ্যানবিদ আবু তাহের।
সভাপতির বক্তব্যে ডা. তেন মং বলেন, আধুনিক স্বাস্থ্যসেবায় বিজ্ঞানভিত্তিক পদ্ধতির কোনো বিকল্প নেই। মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে চিকিৎসাসেবার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সময়মতো চিকিৎসা গ্রহণ অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, নিরাপদ ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
তিনি সকলকে স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘প্রতিটি মানুষ নিজের এবং পরিবারের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হলে একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব।’