বাসস
  ০৮ এপ্রিল ২০২৬, ১৪:১৬

সন্ধ্যায় দোকানসমূহ বন্ধে খুলনা জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি

খুলনা, ৮ এপ্রিল ২০২৬ (বাসস) : জেলার আওতাধীন সব শপিংমল, মার্কেট ও খুচরা দোকানসমূহ প্রতিদিন সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সব নির্দেশনা দেওয়া হয়। 

এতে বলা হয়, সব ধরনের বিলবোর্ড ও বিজ্ঞাপন বাতি অবশ্যই সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ করতে হবে। জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য সব ধরনের মেলা ও চলমান বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ করতে হবে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উক্ত নির্দেশনাসমূহ কঠোরভাবে প্রতিপালন করা আবশ্যক। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান উক্ত নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে বিদ্যমান আইন ও বিধি-বিধান অনুযায়ী প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এতে আরও উল্লেখ করা হয়, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা রাখার বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয়, জ্বালানি ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক জনস্বার্থ নিশ্চিতকল্পে নিম্নবর্ণিত নিদের্শনাসমূহ অবিলম্বে কার্যকর হবে।