বাসস
  ০৭ এপ্রিল ২০২৬, ১৮:৫৬

ঝিনাইদহে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ছবি: বাসস

‎ঝিনাইদহ, ৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলা সদরে আজ খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় চারহাজার নয়শ’ জন কৃষকের মধ্যে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. আবদুল্লাহ আল মাসউদ। 

‎এ সময় জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর-এ নবী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবিব, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

‎সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী জানান, খরিপ মৌসুমে আউশ (উফশী) ধান, মুগ ডাল ও তিলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার বীজ বিতরণ করা হয়েছে। সদর উপজেলার বিভিন্ন এলাকার প্রায় চারহাজার নয়শ’জন কৃষকের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হয়।

‎এর মধ্যে সাড়ে তিনহাজার কৃষকের মাঝে জনপ্রতি ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিওপি সার সহ ৫ কেজি করে আউশ (উফশী) ধানের বীজ বিতরণ করা হয়। একই সময় সদর উপজেলার তালিকাভুক্ত আটশ’ কৃষকের মধ্যে জনপ্রতি ১০ কেজি ডিওপি ও ৫ কেজি এমওপি সার সহ ৫ কেজি করে মুগডালের বীজ বিতরণ করা হয়।

‎এ ছাড়া ছয়শ’ জন কৃষকের মধ্যে জনপ্রতি ১০ কেজি ডিওপি ও ৫ কেজি এমওপি সার সহ ১ কেজি করে তিলের বীজ বিতরণ করা হয়। 

‎তিনি আরও জানান, আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে সার বীজ বিতরণ করা হয়েছে। সেই সঙ্গে মুগডাল এবং তিলের তেলের উৎপাদন বৃদ্ধি ও কৃষককে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।