শিরোনাম

পটুয়াখালী, ৭ এপ্রিল, ২০২৬ (বাসস):ইলিশের উৎপাদন বৃদ্ধি, জাটকা নিধন রোধ ও ইলিশের টেকসই সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে জেলার কলাপাড়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
‘জাটকা ধরা কমাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা প্রশাসনের দরবার হলে এক আলোচনা সভার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান এবং কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবিরসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, দেশের গুরুত্বপূর্ণ মৎস্য সম্পদ ইলিশ রক্ষায় জাটকা সংরক্ষণ অত্যন্ত জরুরি। এজন্য জেলে সম্প্রদায়সহ সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার পাশাপাশি জাটকা নিধনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তারা।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক জেলে অংশগ্রহণ করেন।