বাসস
  ০৭ এপ্রিল ২০২৬, ১১:০২

ঝিনাইদহে ভাঙ্গা ব্রিজ পুনঃনির্মাণের দাবি 

যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও সেতুটি গত ৯ মাসেও নির্মাণ করা হয়নি। ছবি: বাসস

ঝিনাইদহ, ৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলার মহারাজপুর ও কুমড়াবাড়িয়া ইউনিয়নের মধ্যবর্তী খালের ওপর নির্মিত ৪৫বছরের পুরনো একটি ব্রিজ ভেঙ্গে পড়েছে। এতে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। ফলে ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন দুই ইউনিয়নের স্কুলগামী শিক্ষার্থীসহ হাজারো মানুষ। বন্ধ হয়ে গেছে কৃষি পণ্য পরিবহনসহ মাঝারি ও পণ্যবাহী যানবাহন চলাচল।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।

জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ও মহারাজপুর ইউনিয়নের একমাত্র ব্যবহারযোগ্য ও সংযোগস্থাপনকারী সড়ক ‘বিষয়খালী জিসি-নগরবাথান জিসি ভায়া ডেফলবাড়ী’ সড়ক।

আনুমানিক ৪৫ বছর আগে সড়কের ভবানীপুর-ডেফলবাড়ী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ‘গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের’ খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ সেতুটি নির্মাণ করে।

স্থানীয়রা জানায়, গত বছরের প্রবল বৃষ্টিপাতের সময় পানির তোড়ে সেতুটি ভেঙ্গে পড়ে। স্থানীয় জনপ্রতিনিধিসহ সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও সেতুটি গত ৯ মাসেও নির্মাণ করা হয়নি। ফলে বেড়েছে স্থানীয় চলাচলকারী, পণ্য পরিবহনকারী ও যানবাহন চালকদের ভোগান্তি।

স্থানীয় আকাশ হোসাইন নামে একজন বাসস’কে বলেছেন, গত বর্ষাকালে ব্রিজটি ভেঙ্গে গেছে। ব্রিজ ভেঙ্গে যাওয়ায় এই সড়কে সব ধরণের যানবাহন চলাচলও বন্ধ হয়ে গেছে। মোটরসাইকেলও যেতে পারে না। দ্রুত ব্রিজটি নির্মাণের দাবি জানাচ্ছি।

রিক্তা খাতুন নামে এক শিক্ষার্থী বাসস’কে জানায়, নিয়মিত এই ব্রিজ পার হয়ে স্কুলে যেতে হয় শিক্ষার্থীদের। গত বছর ব্রিজটি ভেঙ্গে যাওয়ার পরে স্থানীয়দের উদ্যোগে সাঁকো বানানো হয়। সেই সাঁকো এখন ভেঙ্গে যাওয়ার উপক্রম। নড়বড়ে সাঁকোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে পার হন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ও মহারাজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ বাজারে পণ্য সরবরাহের জন্য ব্রিজটি গুরুত্বপূর্ণ। ব্রিজ ভেঙ্গে যাওয়ার পরে এই সড়কে পণ্যবাহী যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বাসস’কে বলেছেন,‘সদর উপজেলার কুমড়াবাড়িয়া ও মহারাজপুর ইউনিয়নের সংযোগস্থাপনকারী ‘বিষয়খালী জিসি সড়ক টু নগরবাথান জিসি সড়ক ভায়া ডেফলবাড়ি’ সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এই সড়কের ওপর দু’টি ব্রিজ ছিল। বিজ্র দু’টি অনেক বছরের পুরনো। এরমধ্যে একটি ব্রিজ পুনঃনির্মাণ করা হয়েছে। যে ব্রিজটি ভেঙ্গে পড়েছে, সেটি পুনঃনির্মাণের জন্য আমরা এরই মধ্যে দু’টি পৃথক প্রকল্প প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেছি। আশা করছি, প্রকল্প অনুমোদন হয়ে গেলে ব্রিজের নির্মাণ কাজ শুরু করা যাবে।’