বাসস
  ০৬ এপ্রিল ২০২৬, ১২:১৩

কুমিল্লায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি 

কুমিল্লা জেল প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান।ছবি: বাসস

কুমিল্লা, ৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : আগামী ১ বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩৩ জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে কুমিল্লায় একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান।

সভায় উপস্থিত বক্তারা বলেন, বাঙ্গালির ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ১ বৈশাখ। কুমিল্লা জেলা প্রশাসন প্রতি বছরের ন্যায় এবারও বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বৈশাখী মেলার আয়োজনের মাধ্যমে দিনটিকে বরণ করে নেয়ার পরিকল্পনা গ্রহণ করেছে।

সভায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং উৎসব চলাকালীন শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাঙ্গালির প্রাণের উৎসব বাংলা নববর্ষকে বরণ করে নিতে কুমিল্লা জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে সকলে মিলে যেন এই আনন্দ উদযাপন করতে পারি, সেজন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হবে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান, দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরে আলম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, জেলা কালচারাল অফিসার বশির আহমেদ, কুমিল্লা কাগজ সম্পাদক আবুল কাশেম, পরিবহন মালিক সমিতির সভাপতি মাহবুব খন্দকার, ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীরা নববর্ষ উদযাপনকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করতে বিভিন্ন সৃজনশীল প্রস্তাবনা পেশ করেন।