বাসস
  ০৬ এপ্রিল ২০২৬, ১১:৩১

বাগেরহাটে বাস টার্মিনাল, নিউমার্কেট ও পৌর পার্ক উন্নয়নে সংলাপ

রোববার বেলা ১১টায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়।ছবি: বাসস

বাগেরহাট, ৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্পের আওতায় বাগেরহাট পৌরসভার তিনটি গুরুত্বপূর্ণ অবকাঠামো-বাস টার্মিনাল, নিউমার্কেট এবং পৌর পার্ক উন্নয়নের লক্ষ্যে এক ‘নাগরিক সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো.বাতেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, পৌর প্রশাসক ড. ফকরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হাসান।

সংলাপে বক্তব্য রাখেন শ্রমিক দলের সাবেক জেলা সভাপতি সরদার লিয়াকত হোসেন, সমাজসেবক সাঈদ নিয়াজ হোসেন শৈবাল, ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মো. রুহুল আমিন খান, সাবেক যুবদল সভাপতি ফকির তারিকুল ইসলাম , ছাত্রদল নেতা মাহিন হাসনাঈন সার্জা, এনসিপি’র সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাটের আহবায়ক এস এম সাদ্দাম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী এম ডি রাকিব হাসান।

সভায় বাগেরহাট পৌর এলাকার নাগরিক, বিশিষ্ট ব্যবসায়ী,  পৌরসভার কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বাস টার্মিনাল, নিউমার্কেট ও পৌর পার্ক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে সময়োপযোগী ও গঠনমূলক মতামত প্রদান করেন। বিশেষ করে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, যানজট নিরসন, পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অতিরিক্ত জমি অধিগ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সংলাপে অংশগ্রহণকারীরা বলেন, পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে বাগেরহাট পৌরসভাকে একটি আধুনিক, বাসযোগ্য ও জলবায়ু সহিষ্ণু শহর হিসেবে গড়ে তোলা সম্ভব। উল্লেখ্য বাগেরহাট নিউমার্কেট ১৯৬৫ সালে নির্মিত এটি এখন অত্যন্ত বিপদজনক ও ঝুঁকিপুর্ণ। বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল অনেকটাই হুমকির সম্মুখীন।

শিশু পার্ক ও পৌর পার্কের নান্দনিক স্থাপনায় শহরের মানুষ এখানে এসে প্রাকৃতিক নির্জন পরিবেশে তাদের পরিবারের সদস্যদের নিয়ে ভৈরব নদীর শুষক বিরল প্রজাতির ডলফিন, পাশেই ভদ্রপাড়া খেয়াঘাট থেকে নৌকা নিয়ে দড়াটানা ও মুনিগঞ্জ সেতু উপভোগ করেন।