শিরোনাম

ঝিনাইদহ, ৫ এপ্রিল ২০২৬ (বাসস) : জেলার মহেশপুর উপজেলায় আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল সরকার (৫৪) ও নূর আলম বাবু (৪৫) নামের দুইব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ রোববার দুপুরে মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া এলাকার বাগানমাঠ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত রফিকুল সরকার জেলার মহেশপুর উপজেলার বাথানমাঠ গ্রামের মৃত জামসেদ সরকারের ছেলে এবং মৃত নূর আলম বাবু একই এলাকার মৃত আবু সামা’র ছেলে। তারা দু’জন সম্পর্কে মামা -ভাগ্নে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক রফিকুল সরকার রোববার দুপুরে গ্রামের মাঠে নিজের ধানের জমিতে কীটনাশক স্প্রে করতে গিয়েছিলেন। ওই সময় সেচ পাম্পের মোটরের ছিঁড়ে যাওয়া তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি বুঝতে পেরে পাশের জমিতে কর্মরত নুর আলম বাবু তাকে উদ্ধার করতে ছুটে যান। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। একপর্যায়ে দু’জনই ঘটনাস্থলে মারা যান। পরে মাঠে থাকা অন্য কৃষকরা জমিতে দু’জনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইব্যক্তির মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত র্ককর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে দুইব্যক্তির মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।