শিরোনাম

রাজশাহী, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার পবা উপজেলার কাঁটাখালী পৌর বাজারে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
আজ শনিবার সকালে পৌর বাজারে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেষে জেলা প্রশাসক বলেন, জেলাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও অবৈধ মজুত ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। কোনোভাবেই অবৈধভাবে তেল মজুত করতে দেওয়া হবে না। এ ধরনের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে জরিমানাসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক আরও বলেন, রাজশাহীকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার যে প্রতিশ্রুতি প্রশাসন দিয়েছিল, তার বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে। সম্প্রতি পরিদর্শনকালে বরেন্দ্র কর্তৃপক্ষের ফেলে রাখা একটি ড্রেনের অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা ও পৌর এলাকার অপরিষ্কার-অসম্পূর্ণ ড্রেনগুলো চিহ্নিত করে সেগুলো পরিষ্কার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে এ উদ্যোগ আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৬ টার দিকে দুর্গাপুরের আলী বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ তেল মজুতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে প্রতিটি উপজেলায় ইউএনও, সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের অভিযান পরিচালনার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
মহানগর এলাকা থেকে শুরু করে পুরো জেলায় এদিন থেকেই সাঁড়াশি অভিযান চালানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহীর স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মেহেদী হাসানসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা।