বাসস
  ০৪ এপ্রিল ২০২৬, ১৩:৫১

সিলেটে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় জরিমানা

প্রতীকী ছবি

সিলেট, ৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : বিভাগীয় শহর সিলেটে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি করায় ছয় ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টায় নগরের চৌহাট্টায় এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শেষে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিন শাকিল ভুঞা বাসস’কে জানান, জেলা প্রশাসকের নির্দেশ নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান। ওষুধ প্রশাসনের কর্মকর্তাকে নিয়ে তাঁর দিকনির্দেশনা অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি, লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

জানা গেছে, চৌহাট্টার দি স্কয়ার ফার্মেসিকে ১৫ হাজার, নিউ শুভ ফার্মেসিকে ২০ হাজার, মজননী ফার্মেসিকে ৫ হাজার, জি এম ফার্মেসিকে ৫ হাজার, সুলভ ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুয়েল মিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক ও ড্রাগ সুপার সৌরভ কুমার কুুণ্ডু এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন।