শিরোনাম

ঝিনাইদহ, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঝিনাইদহে আইসক্রিম কিনে ছোট ভাইকে নিয়ে ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় আরিফুল ইসলাম (৭) নামে স্কুলপড়ুয়া এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় নিহত শিশুর সহোদর আবিদুল ইসলাম (৬) আহত হয়েছে। তাকে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শহরের বাইপাস রোড সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আরিফুল ইসলাম ও আহত আবিদুল ইসলাম ঝিনাইদহ পৌরসভার ভুটিয়ারগাতি গ্রামের আমিরুল মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ি থেকে ছোট ভাই আবিদুল ইসলামকে সাথে নিয়ে মহাসড়ক পার হয়ে আইসক্রিম কিনতে দোকানে যায় শিশু আরিফুল। আইসক্রিম কেনা শেষে বাড়ি ফেরার পথে সড়কে একটি দ্রুতগতির প্রাইভেটকার দুই শিশুকে ধাক্কা দেয়। এই সময় স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আরিফুলকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় আহত ছোট ভাই আবিদুল ইসলাম ঝিনাইদহ ২৫০ বিশিষ্ট শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উমা ইসলাম জানান, হাসপাতালে পৌছানোর আগেই শিশু আরিফুল ইসলাম মারা গেছেন। আহত শিশুর পা ভেঙে গেছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে।
ঝিনাইদহ সদর থানার ওসি সামসুল আরেফিন বাসস’কে বলেন, নিহত শিশুর পরিবারের সদস্যদের আপত্তি না থাকায় এবং তাদের চাওয়া অনুযায়ী মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। পারিবারিকভাবে মরদেহ দাফন করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।