বাসস
  ০৪ এপ্রিল ২০২৬, ১২:০০

খুলনায় বেশি দামে জ্বালানি বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

রূপসা সেতু সংলগ্ন এলাকায় এক নারী ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাসস

খুলনা, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : বেশি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন রূপসা সেতু সংলগ্ন এলাকায় এক নারী ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাত সোয়া ১০টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস আল মাহদীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে ‘মাই ম্যাক্সসিস’ নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোছা. রেশমা বেগমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। এই সময় প্রমাণিত হয় যে, তিনি প্রতি লিটার অকটেন ১২০ টাকার স্থলে ২১০ টাকা দরে বিক্রি করছিলেন, যা নির্ধারিত মূল্যের চেয়ে ৯০ টাকা বেশি। এই অপরাধে তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) খুলনা মেট্রো শাখার তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
সূত্র জানায়, দণ্ডিত রেশমা বেগমের স্বামী শরিফুল ইসলাম খুলনা বন বিভাগের স্পিডবোটের চালক হিসেবে কর্মরত রয়েছেন। এই সুবাদে সরকারি প্রয়োজনের কথা বলে খুলনার বিভিন্ন ফিলিং স্টেশন থেকে পেট্রল ও অকটেন সংগ্রহ করে তার স্ত্রীর দোকানে এনে অতিরিক্ত মূল্যে বিক্রি করতেন।

এছাড়া অভিযোগ রয়েছে, রাত ১০টার পর খুলনার যমুনা অয়েল কোম্পানির ডিপো থেকে প্রতি ব্যারেল (১৯০ লিটার) প্রায় ৩৮ হাজার টাকা মূল্যে জ্বালানি সংগ্রহ করে তা খুচরা বাজারে চড়া দামে বিক্রি করা হতো।

খুলনা জেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের বাজার স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে 
এবং অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।