বাসস
  ০৪ এপ্রিল ২০২৬, ১১:৫১

লালমনিরহাটে যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

র‌্যাবের যৌথ অভিযানে ২৯৮বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।ছবি: বাসস

লালমনিরহাট, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : লালমনিরহাটে র‌্যাবের যৌথ অভিযানে ২৯৮বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গতকাল শুক্রবার রাত ২টার দিকে র‌্যাব-১৩ (সিপিএসি, রংপুর) এবং র‌্যাব-৩ (সিপিসি-২, মগবাজার, ঢাকা) এর একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের রতিপুর এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে আটক মো. মোকছেদ (৫২) এর বাড়ির সামনে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে ২৯৮ বোতল এসকাফ উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়। তিনি রতিপুর এলাকার মৃত আবেদ আলীর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মোকছেদ দীর্ঘদিন ধরে বিভিন্ন অজ্ঞাত উৎস থেকে মাদক সংগ্রহ করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাকে লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত মাদকও থানায় জমা দেয়া হয়েছে।

র‌্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।