বাসস
  ০৪ এপ্রিল ২০২৬, ১১:৩৫

বাগেরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

 রামপাল উপজেলায় বিনামূল্যে শুক্রবার চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। ছবি: বাসস

বাগেরহাট, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার  রামপাল উপজেলায় বিনামূল্যে গতকাল শুক্রবার চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ‘অন্ধত্ব প্রতিরোধ করুন-আলো ফিরুক চোখে, হাসি ফুটুক জীবনে’- এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার দিনব্যাপী এই চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সরকারের  বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী এবং বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদুল ইসলামের উদ্যোগে রামপাল পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়।

এ সময় এলাকার পাঁচ হাজার অসহায় ও সাধারণ মানুষ বিনামূল্যে চোখের পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসক দল উপস্থিত থেকে রোগীদের সেবা প্রদান করেন এবং জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, দৃষ্টিশক্তি মানুষের জীবনের অমূল্য সম্পদ। সচেতনতার অভাবে অনেক মানুষ সময়মতো চিকিৎসা থেকে বঞ্চিত হন। এই ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া সম্ভব।

তিনি আরও বলেন, সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে এবং ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজক এবং তাদের এলাকার কৃতি সন্তান প্রতিমন্ত্রী ড. ফরিদুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।