শিরোনাম

পঞ্চগড়, ৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : প্রায় এক বছর আগে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক আজিজুর রহমানের (৫০) মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে মরদেহটি গ্রহণ করেন তার মেয়ের জামাই দুলাল হোসেন এবং ভাতিজা সোহেল রানা।
আজিজুর রহমানের মরদেহ বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
জানা গেছে, মৃত আজিজুর রহমান ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ এলাকার বাসিন্দা। গত (২০২৫) বছরের ১৪ মে সীমান্তবর্তী এলাকায় ভারতের অভ্যন্তরে আমবাড়ী নামক স্থান থেকে বিএসএফ আজিজুরকে আটক করে।
গত ২২ মার্চ কারাগারেই অসুস্থ হয়ে পড়লে তাকে শিলিগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন বিকেলে তার মৃত্যু হয়। পরে ভারত থেকে বিভিন্ন মাধ্যমে তার পরিবারের সাথে যোগাযোগ করে শুক্রবার মরদেহটি হস্তান্তর করা হয়।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন।