শিরোনাম

ঢাকা, ২ এপ্রিল, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ১৮ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।
আজ বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার মধ্যরাতে চট্টগ্রামের বাঁশখালী থানাধীন শেখেরখীল মাছ ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কাস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের পাঁচটি ট্রলিং জালসহ ১৮ জন জেলেকে আটক করা হয়। জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট, জাল ও আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো বলেন, মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।