শিরোনাম

চট্টগ্রাম, ২ এপ্রিল, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র বিক্রির চেষ্ঠাকালে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাতে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পুটিছড়ি স্কুল ভিটার সামনে থেকে অস্ত্রধারী সন্ত্রাসী বাবু মার্মা (২৬) ও জামাল উদ্দিনকে (১৯) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিক্রির জন্য আনা একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
আটক বাবু মার্মা বান্দরবান জেলার সদর উপজেলার কুহালং ইউনিয়নের চেমি ডলু পাড়া এলাকার বাসিন্দা। অন্যদিকে জামাল উদ্দিন চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এলাহাবাদ পুটিছড়ি এলাকার বাসিন্দা।
ওসি মোহাম্মদ ইলিয়াছ খান জানান, আটক দুই সন্ত্রাসী পাহাড়ি এলাকা থেকে অস্ত্রটি লোকালয়ে এনে বিক্রির চেষ্টা করছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।