বাসস
  ০২ এপ্রিল ২০২৬, ১৬:৩৪

নড়াইলে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ছবি: বাসস

নড়াইল, ২ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল, এলজিইডি’র নির্বাহী  প্রকৌশলী সরদার ইকরামুল কবীর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ রওশন আলী, জেলা কালচারাল অফিসার মো. আব্দুল রাকিবিল বারী, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, ভাস্কর্য শিল্পী মো. উজ্জ্বল খানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় আসন্ন চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ-১৪৩৩ আনন্দঘন ও বর্ণিল পরিবেশে উদযাপনের লক্ষ্যে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।দিবসটি পালন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা, ৩ দিনব্যাপী লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান,আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন থাকবে।

বাংলা নববর্ষ’র উৎসব চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে বলে সভায় জানানো হয়।সভায় উপস্থিত সকলে নববর্ষ উদযাপনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন।