শিরোনাম

মুন্সীগঞ্জ, ২ এপ্রিল, (বাসস) : মুন্সীগঞ্জে দীর্ঘ ৩ দশক পর প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে আধুনিক পৌর শিশু পার্ক নির্মান কাজের আজ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন পৌর শিশু পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, জেলা পরিষদের প্রশাসক এ কে এম এরাদত মানু, মুন্সীগঞ্জ পৌর সভার প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো. সুলতান আহম্মেদ। প্রায় ১.৩৬ একর জমির ওপর নির্মানাধীন শিশু পার্কে থাকছে শিশুদের জন্য ফেয়ারী হুইলস, জঙ্গল জিমসহ বিভিন্ন ধরনের রাইডস, ক্রীড়া অঞ্চল এবং নাগরিকা সুবিধা। ১৯৯৩ সালে মুন্সীগঞ্জ পৌর সভার অর্থায়নে নতুন কোর্ট এলাকায় জমি ক্রয় করা হয় এবং সীমানা প্রাচীরসহ কিছু প্রাথমিক কাজও সম্পন্ন হয়ে ছিল। বিভিন্ন কারণে নির্মান কাজ বন্ধ হয়ে যায়। মুন্সীগঞ্জ পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, প্রফেশনাল অ্যাসোসিয়েটস লিমিটেডের নকশায় ১ কোটি ৫৮ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে শিশু পার্কটি নির্মিত হচ্ছে।
আগামী জুলাই ২০২৬ সালের মধ্যে এর নির্মান কাজ শেষ হবে।