শিরোনাম

দিনাজপুর, ২ এপ্রিল, ২০২৬(বাসস):জেলায় সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সড়ক বিভাগ কার্যালয়ে বৃক্ষরোপনের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় জেলা সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বাসভবনের সামনের রাস্তায় এই বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মো. মোফাজ্জল হোসেন দুলাল সহ প্রমুখ।
বৃক্ষরোপণ উদ্বোধনী কর্মসূচির সূচনা বক্তব্যে সম্মানিত অতিথি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি'র সভাপতি এ্যাড. মো. মোফাজ্জল হোসেন দুলাল তার বক্তব্যে বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে এবং ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের প্রতি ফলন হিসেবে আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করা হলো।
জেলার সকল রাস্তা-ঘাট সরকারি ও বেসরকারি দপ্তর সহ সর্বস্তরে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন করায় বর্তমান সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য। আমি জেলা বিএনপির পক্ষ থেকে আশা রাখছি, জেলার তৃণমূল পর্যায় পর্যন্ত আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি সফল ভাবে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে জেলার সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাহবুবুল আলম খান, সড়ক ও জনপথ দপ্তর এর নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মাসুদ মাহমুদ ও মো. আমান উল্লাহ আমানসহ সড়ক বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।