বাসস
  ০২ এপ্রিল ২০২৬, ১৩:২১

পিরোজপুরে মজুদকৃত ৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

জেলায় ৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। ছবি: বাসস

পিরোজপুর, ২ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার নেছারাবাদে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে  মজুদকৃত ৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের মধ্যকাঠি বাজারে অভিযান চালিয়ে বাদশা তালুকদারের নিজস্ব গোডাউন থেকে ৪ হাজার ১৮ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।

এ সময় অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করায় পেট্রোলিয়াম আইন অনুযায়ী তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ও আদায় করা হয়। নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জব্দকৃত ডিজেল সরকারি মূল্যে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে বিতরণের শর্তে নেছারাবাদ উপজেলার ডিলার মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজের প্রোপাইটর মাহমুদুল হাসানের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এ তেল বিক্রি থেকে প্রাপ্ত মোট ৪ লাখ ১ হাজার ৮০০ টাকা আজ ব্যাংকিং সময়ের মধ্যে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

অমিত দত্ত বাসসকে বলেন, জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রি করার চেষ্টা আইনত দণ্ডনীয় অপরাধ। বাদশা তালুকদার নামের এক ব্যবসায়ীর গোডাউন থেকে উচ্চ মূল্যে বিক্রির উদ্দেশ্যে ৪ হাজার ১৮ লিটার জ্বালানি তেল (ডিজেল) মজুদ করে রেখেছিল। অভিযানকালে ওই তেল জব্দ করা হয় এবং এ অপরাধে ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

তিনি বলেন, জ্বালানি তেল সরবরাহ ও বিতরণে অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।