বাসস
  ০২ এপ্রিল ২০২৬, ১২:১৩
আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১২:২৫

পটুয়াখালীতে অবৈধভাবে সরবরাহকৃত জ্বালানি তেল জব্দ

আন্ধারমানিক নদীতে নোঙর করা একটি ট্রলার থেকে এসব জ্বালানি তেল জব্দ করা হয়।ছবি: বাসস

পটুয়াখালী, ২ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার কলাপাড়ায় অভিযান চালিয়ে ৩ হাজার ২০০ লিটার ডিজেল ও ৩ হাজার লিটার পেট্রোল জব্দ করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন আন্ধারমানিক নদীতে নোঙর করা একটি ট্রলার থেকে এসব জ্বালানি তেল জব্দ করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদীক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

এ সময় অবৈধভাবে তেল সরবরাহের দায়ে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত তেল সরকারি কোষাগারে জমা রাখা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদীক জানান, ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে তেল নিয়ে ট্রলারটি কলাপাড়া থেকে রাঙ্গাবালীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলার থেকে ১৫ ব্যারেল ডিজেল ও ১৬ ব্যারেল পেট্রোল জব্দ করা হয়।

তিনি আরও বলেন, তেল মজুদদার ও অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।