শিরোনাম

মাদারীপুর, ১ এপ্রিল, ২০২৬ (বাসস): গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় বিসমিল্লাহ অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, গ্যাস সিলিন্ডার নিয়ে একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। পথে সমাদ্দার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিকআপ চালক অজয় কুমার হাওলাদারকে মৃত ঘোষণা করেন। আহত হেলপারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
নিহত অজয় কুমার হাওলাদার বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানা গ্রামের শৈলেন চন্দ্র হাওলাদারের পুত্র।