বাসস
  ৩১ মার্চ ২০২৬, ১৪:৩৬

মিরসরাইয়ে পাহাড় কাটায় জরিমানা, ট্রাক জব্দ

চট্টগ্রাম (উত্তর), ৩১ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার  মিরসরাইয়ে অবৈধভাবে পাহাড়ের মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।এ সময় জরিমানা ও ট্রাক জব্দ করা হয়।

গতকাল সোমবার দিবাগত রাত ১টায় উপজেলার সুফিয়া রোড এলাকার পূর্ব পাশে সংরক্ষিত বনাঞ্চলে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের।

তিনি জানান, অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী মধ্য তালবাড়িয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ সোহেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মাটি পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ এবং একটি এক্সকাভেটর বিকল করা হয়েছে।

পাহাড় রক্ষায় ও জনস্বার্থে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।