বাসস
  ৩১ মার্চ ২০২৬, ১৪:২১

কালীগঞ্জে বাসচাপায় বাইসাইকেলচালক নিহত

‎ঝিনাইদহ, ৩১ মার্চ, ২০২৬ (বাসস) : ‎ঝিনাইদহের কালীগঞ্জে বাসের চাপায় কাওসার আলী (৫০) নামের এক বাইসাইকেলচালক নিহত হয়েছেন। 

খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় অন্তত আরও ৫ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার বারোবাজারে এ দুর্ঘটনা ঘটে।
‎‎
নিহত কাওসার আলী উপজেলার বেলাট গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
‎‎
বারোবাজার হাইওয়ে পুলিশ জানিয়েছে, খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস বারোবাজার বাসস্টান্ড এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে হোটেলে ধাক্কা দেয়। এ সময় বাইসাইকেলচালক কাওসার আলী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
‎‎
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়। গুরুতর আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
‎‎
বারোবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ আলমগীর কবির বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।