শিরোনাম

চট্টগ্রাম, ৩১ মার্চ, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট সিডিএ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত ২৫ হাজার লিটার ডিজেল জব্দ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
মঙ্গলবার (৩১ মার্চ) সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সলিমপুর সিডিএ আবাসিক গেইট সংলগ্ন এলাকায় একটি সিন্ডিকেট তেলের ডিপোতে অভিযান চালিয়ে ২৫ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।
অভিযানের সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম ও যমুনা অয়েল কোম্পানির সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম ডিবি) ক্যাপ্টেন শেখ জাহিদ আহমেদ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, সিডিএ আবাসিক এলাকায় আনোয়ার ও জাহেদ নামে দুই চোরাই তেলের ব্যবসায়ীর যৌথ মালিকানাধীন একটি কালো তেলের ডিপোতে এ সব ডিজেল মজুত করে রাখা ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সব ডিজেল জব্দ করে।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি কালো তেলের ডিপোতে অভিযান চালিয়েছেন তারা।
অভিযানের সময় ডিপোর মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। প্রায় ২৫ হাজার লিটার ডিজেল জব্দ করেছেন।
জেলা প্রশাসক বলেন, জব্দকৃত ডিজেল আদালতের কাছে উপস্থাপন করা হবে। আদালতের পরবর্তী নির্দেশনা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, যারা ব্যবসার আড়ালে কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে, তারা প্রকৃত ব্যবসায়ী নয়। চলমান সংকটকালীন পরিস্থিতিতে কৃত্রিম সংকট ও অবৈধ মজুত রোধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই প্রভাবশালী সিন্ডিকেট চক্রটি উক্ত ডিপোকে কেন্দ্র করে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও সরবরাহ করে আসছিল।
বিভিন্ন শিল্প কারখানা ও পরিবহন খাতে চড়া দামে এ সব তেল সরবরাহ করা হতো। যা সরকারের রাজস্ব ফাঁকির পাশাপাশি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিও তৈরি করেছিল।