বাসস
  ৩১ মার্চ ২০২৬, ১৩:৩৩

সুনামগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি 

সুনামগঞ্জ, ৩১ মার্চ, ২০২৬ (বাসস) : পৌরশহরের (আলফাত উদ্দিন স্কয়ার) ট্রাফিক পয়েন্ট সংলগ্ন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। 

গতকাল সোমবার জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া স্বাক্ষরিত আদেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিৎ কুমার চন্দ্রকে আহ্বায়ক ও জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মনোনীত প্রতিনিধিকে সদস্য সচিব করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপারের মনোনীত একজন প্রতিনিধি, সিভিল সার্জনের মনোনীত একজন প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিলেট বিভাগের উপ-পরিচালকের মনোনীত প্রতিনিধি, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক। 

গত রোববার রাত ১১ টায় পৌরসভার ট্রাফিক পয়েন্ট সংলগ্ন মার্কেটের বেশ কয়েকটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

নবগঠিত কমিটিকে অগ্নিকাণ্ডের প্রকৃত উৎস ও কারণ উদঘাটন এবং আগুনে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করে দ্রুত সময়ের মধ্যে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময় দুইবার একই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।