শিরোনাম

বাগেরহাট, ৩১ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার কচুয়ায় জ্বালানি তেলের কৃত্রিম সঙ্কট মোকাবিলা ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
গতকাল সোমবার পরিচালিত এই অভিযানে অবৈধভাবে তেল মজুত ও চড়া দামে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাপলা স্টোর নামের একটি জ্বালানি তেলের দোকানে এই অভিযান চালানো হয়। তল্লাশিকালে ওই দোকানের গোডাউন থেকে আনুমানিক ২ হাজার ৬০০ লিটার অবৈধভাবে মজুতকৃত ডিজেল উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে ব্যবসায়ী কর্তৃক ডিজেল মজুত রাখা এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে তা বিক্রয় করার অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এই অপরাধে অভিযুক্ত ব্যবসায়ীকে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারায় দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তথ্য নিশ্চিত করেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার। অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত থেকে সহযোগিতা করেন।