শিরোনাম

খুলনা, ৩১ মার্চ, ২০২৬ (বাসস) : খুলনা জেলা প্রতিষ্ঠার ১৪৪তম বার্ষিকী আগামী ২৫ এপ্রিল। এ উপলক্ষে ‘খুলনা দিবস’ পালনে নানা কর্মসূচি গ্রহণ করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।
গতকাল সোমবার বেলা ১১টায় সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে মহাসচিব এড. হাফিজুর রহমান হাফিজের পরিচালনায় সংগঠন কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আগামী ২৫ এপ্রিল (শনিবার) দিবসটি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দিনব্যাপী গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে স্মরণিকা প্রকাশ, সকাল ১০টায় শিববাড়ীর মোড়ে সমাবেশের মাধ্যমে শান্তির প্রতীক পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনব্যাপি কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য শোভাযাত্রা, খুলনা মেজবানি, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
খুলনা দিবস সফল করার জন্য সভায় একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন নিজামউর রহমান লালু, মিনা আজিজুর রহমান, শাহীন জামাল, সাংবাদিক আবুল বাসার, মিজানুর রহমান বাবু, মো. খলিলুর রহমান, মো. মনিরুজ্জামান রহিম, সরদার রবিউল ইসলাম রবি, মোল্লা মারুফ রশীদ, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, প্রফেসর সেলিনা বুলবুল, শেখ আরিফ নেওয়াজ প্রমুখ।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বাসসকে বলেন, ১৮৮২ সালের ২৫ এপ্রিল খুলনা জেলা প্রতিষ্ঠিত হয়। সেই হিসেবে আগামী ২৫ এপ্রিল খুলনা জেলার ১৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনটিকে স্মরণীয় করতে প্রতি বছরের মত বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। বর্ণাঢ্য আয়োজনে খুলনার সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহবান জানান তিনি।
প্রসঙ্গত, ১৮৮২ সালের ২৫ এপ্রিল খুলনাকে জেলার মর্যাদা দেওয়া হয়। ঢাকা ও চট্টগ্রামের পরে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শিল্প ও বন্দরনগরী ঐতিহ্যবাহী খুলনা। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রূপসা ও ভৈরব নদীর তীরে এর অবস্থান।
খুলনার সংক্ষিপ্ত ইতিহাস থেকে জানা যায়, ৪ হাজার ৬৩০ বর্গমাইল এলাকা এবং ৪৩ হাজার ৫০০ জনসংখ্যা অধ্যুষিত খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাকে নিয়ে ১৮৮২ সালের ২৫ এপ্রিল গেজেট নোটিফিকেশনের মাধ্যমে খুলনা জেলা প্রতিষ্ঠিত হয়। এর আগে খুলনা ছিল যশোর জেলার মহকুমা।