বাসস
  ৩০ মার্চ ২০২৬, ১৫:১৮

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত

টাঙ্গাইল, ৩০ মার্চ, ২০২৬ (বাসস) : টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় রিদুয়ান ইসলাম (১৭) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন।

আজ সোমবার সকালে উপজেলার ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়কের প্রতিমা বংকী কামিল মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিদুয়ান ইসলাম সখিপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবিরের ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন।

স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, রিদুয়ান তার বাবার মোটরসাইকেলে পেট্রোল ভরার জন্য বোয়ালী বাজারের সখীপুর ফিলিং স্টেশনের দিকে যাচ্ছিলেন।

ধারণা করা হচ্ছে, কোনো ভারী যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে। স্থানীয়রা রিদুয়ানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন চৌধুরী বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।