শিরোনাম

টাঙ্গাইল, ৩০ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার সখিপুর উপজেলায় রাতের আঁধারে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটায় এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার রাত ১১টা থেকে ভোর ৩টা পর্যন্ত উপজেলার ঘেচুয়া এলাকায় পরিচালিত অভিযানে পুলিশ ফোর্সসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা।
সহকারী কমিশনার শামসুন নাহার শিলা বাসসকে জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
তিনি জানান, অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে চারটি মাটি বোঝাইকৃত ট্রাক ও বিক্রয়ের রশিদ উদ্ধার করা হয়, যা বাণিজ্যিকভাবে মাটি বিক্রির প্রমাণ হিসেবে গণ্য করা হয়। এর প্রেক্ষিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় মাটি বিক্রির সঙ্গে জড়িত থাকায় হাবীব মাস্টার নামের এক ব্যক্তিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার বলেন, জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।