বাসস
  ৩০ মার্চ ২০২৬, ১৪:৩০

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকের মৃত্যু

ফেনী, ৩০ মার্চ ২০২৬ (বাসস) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী শহরতলির রামপুর নাসির মেমোরিয়াল কলেজের সামনে এক সড়ক দুর্ঘটনায় ওমর ফারুক নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। 

গতকাল রবিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ওমর ফারুক বগুড়ার শাহজাহানপুর উপজেলার ডোমন পুকুরের ইউনুস আলীর পুত্র।

মহিপাল হাইওয়ে পুলিশ এর ইনচার্জ আসাদুল ইসলাম জানান, রাত আনুমানিক ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী রামপুর নাসির উদ্দিন মেমোরিয়াল কলেজের সামনে একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে তার সামনে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে চালক ওমর ফারুক ঘটনাস্থলেই মারা যান। এসময় হেলপার আহত হন। লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তিনি জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।