শিরোনাম

চাঁদপুর, ৩০ মার্চ ২০২৬ (বাসস) : জেলার ফরিদগঞ্জে গাঁজা চাষ করার দায়ে বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল রোববার (২৯ মার্চ) দিবাগত রাতে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন এ তথ্য জানান।
আটক বিল্লাল হোসেন উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামের মোখলেছুর রহমানের পুত্র।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিল্লালের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার মালিকানাধীন জমি থেকে চাষকৃত অন্তত ২৫টি পরিণত গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় মাদক উৎপাদনের দায়ে বিল্লালকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
পুলিশ হেফাজতে বিল্লাল হোসেন জানান, মূলত ইউটিউবে ভিডিও দেখেই তিনি গাঁজা চাষে উৎসাহিত হয়েছিলেন। নিজের ফসলি জমির প্রায় ৮-১০ হাত জায়গায় তিনি এ গাছগুলো রোপণ করেন। নিজের কৃতকর্মের জন্য আক্ষেপ করে তিনি আরও বলেন, ‘শয়তানে পাইছে, তাই গাঁজা চাষ করতে গেছি’।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, উদ্ধারকৃত গাঁজা গাছগুলো জব্দ করা হয়েছে। একইসঙ্গে আটক বিল্লাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ চাঁদপুর আদালতে তাকে সোপর্দ করা হবে।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে।