শিরোনাম

দিনাজপুর, ২৯ মার্চ ২০২৬ (বাসস): দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাসের চালক ও হেলপার নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। আজ দুপুরে দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়।
সূত্র জানায়, আজ সকাল ১০টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। জেলার বিরামপুর উপজেলার চাঁদপুর নামক স্থানে থেমে থাকা একটি ট্রাকে একটি যাত্রীবাহী বাস অসাবধানতাবশত ধাক্কা দেয়। ফলে যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপার নিহত হন। এ ঘটনায় ৬ জন গুরুতর আহত হন।
আহত ৬ জনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্য দুইজন আহতকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহতরা হলেন, বাসের চালক মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খবির উদ্দিনের পুত্র মোশাররফ হোসেন বাবু (৫৭) এবং বাসের হেলপার আজিজুল ইসলাম (২৫)। নিহত আজিজুল দিনাজপুর কাহারোল উপজেলার তেরোমাইল গড়েয়া এলাকার বাসিন্দা।
বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান ২ জন নিহত এবং ৬ যাত্রীর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ রোববার সকাল ১০টার দিকে ঢাকা থেকে যাত্রী নিয়ে আগত ‘হেরিটেজ ট্যুর অ্যান্ড ট্রাভেলস’ এর পঞ্চগড়গামী একটি কোচ দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর নামক স্থানে এসে রাস্তার পাশে থেমে থাকা বালুবোঝাই একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আজিজুল ইসলাম ও মোশাররফ হোসেনের মর্মান্তিক মৃত্যু হয়।
স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাদের মধ্যে ২ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং ৪ জনকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্র জানায়।