শিরোনাম

শেরপুর, ২৯ মার্চ ২০২৬ (বাসস): জ্বালানি তেল সরবরাহ ও বিতরণে অনিয়ম বন্ধে জেলা প্রশাসন তদারকি কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান জেলা শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ ও বিতরণ তদারকি কার্যক্রম পরিচালনা করেন ।
এ সময় জেলা শহরের থানা মোড়ে সিএনজি স্ট্যান্ডে শেরপুর-ময়মনসিংহ রুটে নির্ধারিত ভাড়া থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং প্রয়োজনীয় লাইসেন্স বিহিন যানবাহন পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালত সড়ক পরিবহন আইনে দুই সিএনজি চালককে ২৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান বলেন, শেরপুর সদর উপজেলায় জনস্বার্থে মোবাইল কোর্ট ও জ্বালানি তেল সরবরাহ এবং বিতরণ ব্যবস্থাপনা তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ সময় জ্বালানি তেলের সুশৃঙ্খল সরবরাহ নিশ্চিতকল্পে লাইসেন্সবিহীন যানবাহনে এবং বোতল বা কন্টেইনারে তেল বিক্রি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি উপস্থিত গ্রাহকদের প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় না করার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।
তিনি বলেন, জনস্বার্থ সুরক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।