শিরোনাম

নেত্রকোণা, ২৯ মার্চ ২০২৬ (বাসস): জ্বালানি তেল সরবরাহে অনিয়ম রোধে জেলা প্রশাসন নেত্রকোণার সব ফিলিং স্টেশনে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দিয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ওয়াহিদুজ্জামান বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।
ওয়াহিদুজ্জামান বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জেলার সব ফিলিং স্টেশনে ইতোমধ্যে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি জানান, জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতকরণ, বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং সড়কে যাত্রীদের হয়রানি বন্ধে জেলা প্রশাসন গতকাল দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানকালে অবৈধভাবে মজুতকৃত ৩৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ অভিযানে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে বিভিন্ন পরিবহনকে জরিমানা করা হয়েছে।
তিনি আরো জানান, নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের হাটখোলা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে মেসার্স জহিরুল চৌধুরীর লাইসেন্সবিহীন দোকানে তল্লাশি চালিয়ে ড্রামে মজুত করা প্রায় ৩৫০০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার করা হয়।
এ অপরাধ আমলে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। জব্দকৃত জ্বালানি তেল স্থানীয় দুইজন ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে এবং তা নিকটস্থ ফিলিং স্টেশনের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
একই দিনে জেলার বারহাট্টা উপজেলাতেও সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান চালানো হয়। বারহাট্টা থানার সামনের বাস কাউন্টার, আটপাড়া মোড় এবং মডেল মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বারহাট্টার সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম।
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং উল্টোপথে যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ এর বিভিন্ন ধারায় মোট আটটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় পরিবহন সংশ্লিষ্টদের কাছ থেকে ১০ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।