শিরোনাম

নড়াইল, ২৯ মার্চ ২০২৬ (বাসস) : জেলায় ট্রাকচাপায় তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদার (৩৩) নিহত হয়েছেন। এ ঘটনায় ফিলিং স্টেশনের কর্মচারী জিহাদ মোল্যা (২৭) গুরুত্ব আহত হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। গতরাত প্রায় দুইটার দিকে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের নড়াইল-যশোর সড়কের তুলারামপুর রেল ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ সরদার সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সরদারের পুত্র এবং আহত জিহাদ মোল্যা একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গতরাত প্রায় ২টার দিকে ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন ম্যানেজার নাহিদ ও কর্মচারী জিহাদ। ফিলিং স্টেশন থেকে ১০০ গজ দূরে গেলে একটি ট্রাক মোটরসাইকেলের পিছন দিক দিয়ে এসে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ম্যানেজার নাহিদ সরদার মারা যান। মারাত্মক আহত অবস্থায় জিহাদ মোল্যাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলী জানান, ঘটনার পর ট্রাক চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যান। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটকের জোর চেষ্টা চালানো হচ্ছে।