বাসস
  ২৮ মার্চ ২০২৬, ১৩:২০
আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১৫:৩৪

বাউল সম্রাট আব্দুল করিমের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী লোক উৎসব শুরু

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী এক লোক উৎসব গতকাল শুরু হয়েছে। ছবি: বাসস

সুনামগঞ্জ, ২৮ মার্চ, ২০২৬ (বাসস): একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী এক লোক উৎসব গতকাল জেলায় শুরু হয়েছে। এবছর তাঁর ১১০তম জন্মবার্ষিকী উদ্যাপিত হচ্ছে। 

শাহ আবদুল করিমের জন্মস্থান দিরাই উপজেলার উজানধল গ্রামের মাঠে গতকাল শুক্রবার (২৭ মার্চ ২০২৬) রাত সাড়ে আটটায় এ উৎসবের উদ্বোধন করেন  অনুষ্ঠানের প্রধান অতিথি সুনামগঞ্জ  ২ আসনের (দিরাই -শাল্লা) সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী। 

নাছির উদ্দীন চৌধুরী বলেন, বাউল সম্রাট শাহ আব্দুল করিম হাওর পাড়ের গর্বিত সন্তান। তিনি নিজ অধ্যবসায়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি আজ শুধু আমাদের নন, সমগ্র মানবজাতির গর্ব। তার লোক সংগীত সারা বিশ্বে সমাদৃত। তিনি আমাদের হাওরবাসীকে গৌরবান্বিত করেছেন। তাঁর কীর্তি ও স্মৃতিকে ধরে রাখা আমাদের সবার দায়িত্ব। তাঁর কর্ম চিরকাল  মানুষ শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। 

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক অসীম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার। এছাড়াও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।  

প্রতিবছর শাহ আবদুল করিমের বাড়ির পাশের কালনী নদীর তীরে এই উৎসবের আয়োজন করে শাহ আবদুল করিম পরিষদ। করিমের জীবনদর্শন ও সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়। দেশ-বিদেশ থেকে তাঁর ভক্ত-অনুরাগীরা এ উৎসবে অংশ নেন।