শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ, ২৭ মার্চ, ২০২৬ (বাসস): জেলার গোমস্তাপুর উপজেলায় আজ নয়হাজার ৭৮৩ লিটার জ্বালানি তেলের মজুদ থাকা সত্ত্বেও তেল বিক্রি বন্ধ করে দেওয়ায় ‘মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশন’ নামের একটি পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার দুপুরে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকার অভিযানকালে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী জানান, মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে ‘পাম্পে তেল নেই’ নোটিশ লাগিয়ে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দেয়া হয়। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত ওই পাম্পে যান এবং তেলের মজুদ যাচাই করেন। এ সময় দেখা যায় ওই পাম্পে দুইহাজার ৩৬৮ লিটার পেট্রোল, তিনহাজার ৭৬০ লিটার ডিজেল এবং তিন হাজার ৬৫৫ লিটার অকটেন মজুত রয়েছে।
তিনি আরও জানান, জ্বালানি তেল মজুদ থাকা সত্ত্বেও বিক্রি না করার অপরাধে ওই পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।