বাসস
  ০৮ মার্চ ২০২৬, ১৪:৫৯

চকরিয়ায় পিকআপের ধাক্কায় পথচারী নিহত

কক্সবাজার, ৮ মার্চ, ২০২৬ (বাসস) : কক্সবাজারের চকরিয়ায় দ্রুত গতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় রফিকুল ইসলাম (৭৩) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি সৌদিয়া বাস ধাক্কা দিলে পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিম পাশে একটি দোকানের সামনে বসে থাকা লোকজনের ওপর উঠে যায়। এতে স্থানীয় দুইজন ব্যক্তি গুরুতর আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা স্থানীয় বয়োবৃদ্ধ রফিকুল ইসলামকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পটিয়া এলাকায় তিনি মারা যান।

নিহত রফিকুল ইসলাম চকরিয়ার বৃহত্তর লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খ ম মহিউদ্দিন মো. আওরঙ্গজেব বুলেটের চাচা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেয়া হচ্ছে।