বাসস
  ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০২

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একব্যক্তির মৃত্যু

কিশোরগঞ্জ, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): জেলায় আজ ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ক্বারী মাওলানা মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০) নামের এক ইমামের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে কিশোরগঞ্জ জজ কোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ক্বারী মাওলানা মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা কিশোরগঞ্জ সদর মডেল থানার মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়ন চরপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার ভোরে ফজরের নামাজ আদায় করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন ইমাম মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা। জজ কোর্টের সামনে পৌঁছালে সড়কে নির্মাণাধীন ড্রেনের পাশে রাখা বালুর স্তূপের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এতে ইমাম ও চালক সড়কে ছিঁটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমাম মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।