বাসস
  ০৪ মার্চ ২০২৬, ১৭:১৪

কক্সবাজারের টেকনাফে দেড় লাখ পিস ইয়াবা জব্দ, আটক ১

ছবি: বাসস

ঢাকা, ৪ মার্চ, ২০২৬ (বাসস) : কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ ও এক মাদক পাচারকারী আটক করা হয়েছে। আজ বুধবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার ভোর ৪ টায় কক্সবাজারের টেকনাফ থানার জিরো পয়েন্ট সি-বিচ ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ কোস্ট গার্ড স্টেশন। অভিযানে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৭ কোটি মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এছাড়া একইদিন গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫ টায় কক্সবাজারের টেকনাফ থানার জিরো পয়েন্ট সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ কোস্ট গার্ড স্টেশন।

অভিযানে সন্দেহজনক একটি ইজিবাইকে তল্লাশি করে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত ইজিবাইক ও আটককৃত মাদক পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।